ডিজাইন: ইমেজ চালু
সোমবার ০৫ অক্টোবর ২০২৬

দৈনিক সময়কাল

মধুপুরে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক সাম্রাজ্য: ছিঁচকে চোর থেকে কোটিপতি ভূমিহীন হেলাল


ভ্রাম্যমাণ প্রতিনিধি, মধুপুর

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সর্বনাশা মাদকের থাবায় ধ্বংসের মুখে যুবসমাজ। এক সময়ের ভূমিহীন, দিনমজুর ও ছিঁচকে চোর হেলাল এখন মাদকের বড় সাম্রাজ্য গড়ে তুলে বনে গেছেন কোটিপতি। তার নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে এই মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।

ঐতিহ্যবাহী গ্রামে মাদকের ভয়াল থাবা মধুপুর উপজেলার ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী গ্রাম পালবাড়ী। একপাশে বয়ে গেছে ঐতিহাসিক আঁকাবাঁকা বংশাই নদী। কৃষিনির্ভর এই গ্রামের শান্ত ও খেটে খাওয়া মানুষের সন্তানেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে-বিদেশে মেধার স্বাক্ষর রাখছেন। কিন্তু বর্তমানে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে সর্বনাশা মাদকের নেশা।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও পারিবারিক অবক্ষয় মাদকের বিস্তারের পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে প্রায় ত্রিশ সদস্যের এক সংঘবদ্ধ কিশোর গ্যাং ও বখাটেদের দল। এদের অত্যাচারে অভিভাবকরা চরম নিরুপায়। প্রাণনাশের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। এই গ্যাংয়ের অন্যতম সদস্য পালবাড়ী গ্রামের শহিদুল্যা কামারের ছেলে সোহেল (৪২) এবং তমছের আলীর ছেলে মিলন (৩৬)।

মাদকের টাকার জন্য এরা পরিবারের সদস্যদের ওপরও অমানুষিক নির্যাতন চালায়। সম্প্রতি মাদকাসক্ত সোহেল গাছ বিক্রির ১৬ হাজার টাকা তার বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে ছিনিয়ে নেয় এবং মাত্র দুই দিনেই সব টাকা মাদকের পেছনে উড়িয়ে দেয়।

যেভাবে উত্থান মাদক সম্রাট হেলালের এই যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার মূল হোতা মাদক ব্যবসায়ী হেলাল (৫৫)। তার অতীত জীবন ছিল চরম দারিদ্র্যপীড়িত। যমুনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অবস্থায় তার বাবা মৃত নাইয়ুব আলী দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃহত্তর মধুপুর থানার ভাইঘাট এলাকায়। ভাইঘাট বাজারের খাস জমিতে ঝুপড়ি ঘর তুলে কোনোমতে দিন পার করত পরিবারটি।

পরিবারের হাল ধরতে বড় ভাই বেলাল ঢাকায় রিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর ছোট ভাই হেলাল অন্যের বাড়িতে ফরমায়েশ খাটার পাশাপাশি জড়িয়ে পড়েন ছিঁচকে চুরিতে। চুরির মামলায় তাকে জেলেও যেতে হয়েছিল।

দলীয় ছত্রছায়ায় কোটিপতি একসময়ের ঠিকানাহীন ও ছিঁচকে চোর হেলালের ভাগ্য বদলে যায় বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলে। স্থানীয় প্রভাবশালীদের দলীয় ছত্রছায়ায় সে শুরু করে রমরমা মাদক ব্যবসা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ভূমিহীন হেলাল আজ বিপুল বিত্তবৈভব ও কোটি টাকার মালিক।

মাদকের এই অবাধ বিস্তারের কারণে চরম হুমকিতে পড়েছে গোটা পালবাড়ী ও আশপাশের এলাকার ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে এই মরণনেশার হাত থেকে বাঁচাতে এবং অবৈধ মাদক সাম্রাজ্য ও কিশোর গ্যাংয়ের লাগাম টেনে ধরতে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন অসহায় এলাকাবাসী।